ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার
হরতালের নামে ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা ওরফে নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে জেলা শহরের শিবরামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, বিগত হরতাল অবরোধের সময় তিনি ভাঙচুর ও নাশকতার ঘটনায় জড়িত ছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা রয়েছে। পুলিশ বেশ কিছুদিন ধরে তাঁকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি পেশাজীবী সংগঠন ড্যাবের একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’