ড্রাই ফিশের চালানে কচ্ছপের মাংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি চালানের ঘোষণায় লেখা ছিল ড্রাই ফিশ। কিন্তু উড়োজাহাজে ওঠানোর আগে পণ্যের চালান স্ক্যানিং করার সময় ধরা পড়ে ভেতরে ড্রাই ফিশ নেই, রয়েছে কচ্ছপের মাংস। গতকাল সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের মাংস জব্দ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
দুটি বড় প্যাকেটে ওই মাংস ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে গতকালই হংকং পাঠানোর কথা ছিল। এ ঘটনায় রপ্তানিকারক প্রতিষ্ঠান জিআর ট্রেডিংয়ের এক কর্মচারীকে আটক করা হয়েছে। বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, কচ্ছপের মাংস রপ্তানি নিষিদ্ধ। তাই অন্য পণ্যের আড়ালে কচ্ছপের চালানটি হংকংয়ে রপ্তানির চেষ্টা করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর গতকাল সন্ধ্যায় বলেন, পণ্যগুলো জব্দ করার পর বন্য প্রাণী বিভাগের লোকজন পরীক্ষা করে নিশ্চিত হয় এগুলো কচ্ছপের মাংস। এ ঘটনায় মামলা করা হবে।
এ বিষয়ে জিআর ট্রেডিংয়ের বক্তব্য পাওয়া যায়নি।