ড্রাম চিমনির ভাটায় পুড়ছে কাঠ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার অধিকাংশ ইটভাটায় এখনো নিষিদ্ধ ড্রাম চিমনি রয়ে গেছে। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। আবার সেই কাঠ চেরাই করতে ইটভাটা এলাকায় বসানো হয়েছে করাতকল।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ড্রাম চিমনির পরিবর্তে জিগজ্যাগ ও উন্নত প্রযুক্তির চিমনি ব্যবহার করে ইটভাটা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মেহেন্দীগঞ্জে ওই নির্দেশ উপেক্ষা করে ড্রাম চিমনি ব্যবহার করছেন ভাটার মালিকেরা। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি না নিয়েই চালানো হচ্ছে এসব ভাটা।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১২টি ইটভাটা আছে। এর মধ্যে পরিবেশবান্ধব ও আইনসিদ্ধ চিমনি ব্যবহার করছে মাত্র চারটি ভাটা। অধিকাংশ ভাটাতেই পরিবেশবান্ধব চিমনি নেই। বেশ কিছু ভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের কাছে এ রকম ভাটার কোনো তথ্য নেই।
এই প্রতিবেদক সম্প্রতি সরেজমিনে ছয়টি ইটভাটার সন্ধান পেয়েছেন, যেখানে ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। এসব ভাটাসহ উপজেলার বেশির ভাগ ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। উপজেলার ভাসানচরে টিএবিএফ ব্রিকস, লেংগুটিয়া ইউনিয়নে এলএমবি ব্রিকস, পাতারহাট লঞ্চ ঘাটে এভিবি ব্রিকস ও চাঁনপুর ইউনিয়নে মিতালী ব্রিকস মালিকেরা ভাটায় করাতকল স্থাপন করে কাঠ চেরাই করছেন। শ্রমিকেরা ওই কাঠ নিয়ে দিচ্ছেন ভাটায়। প্রতিটি ভাটায় হাজার হাজার মণ কাঠের স্তূপ দেখা গেছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ চলতি বছরের ১ জুলাই কার্যকর করা হয়েছে। ওই আইন অনুযায়ী, ড্রাম চিমনির সব অবৈধ ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের সনদ দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য করে যারা অবৈধ ভাটা নির্মাণ এবং কাঠ পোড়াবেন তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন কার্যকর করতে পরিবেশ অধিদপ্তর থেকে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়।
লেংগুটিয়া ইউনিয়নের এলএমবি ব্রিকসের মালিক জাকির হোসেন বলেন, বাঙলা চুলায় (ড্রাম চিমনি) ইটভাটার অনুমতি দেওয়া হবে না তাই অনুমতি বা ছাড়পত্র চাওয়া হয়নি। তা ছাড়া নদী ভাঙনের কারণে ভাটা স্থায়ীভাবে করা হয় না বলেও অনুমতি নেওয়া হয় না।
ভাসানচর এলাকার টিএবিএফ ইটভাটা মালিক জামাল উদ্দিন বলেন, ‘ফিট বিনা ফিট সব ভাটায় কাঠা পোড়ানো হচ্ছে। আমি এ বছর নতুন ইটভাটা করেছি। কয়লা পাওয়া যাচ্ছে না তাই কাঠ পোড়াচ্ছি। জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। তবে ছাড়পত্রের জন্য শিগগিরই আবেদন করব।’
মিতালী ব্রিকসের ব্যবস্থাপক নূরে আলম বলেন, ‘আমরা স্থানীয় এবং বাইরের পাইকার থেকে কাঠ কিনি। পরে ভাটায় করাতকলে কেটে তা ব্যবহার করা হয়।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন জানান, বরিশাল অঞ্চলে অধিকাংশ ইটভাটা অবৈধ। এসব ভাটায় কাঠ পোড়ানোর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। ভাটা মালিকদের বিরুদ্ধে পরিবেশ আইনে অনেকগুলো মামলাও করা হয়েছে। তার পরও এগুলো বন্ধ হচ্ছে না।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মোহাম্মদ জাকি বলেন, ড্রাম চিমনির কোনো ভাটার লাইসেন্স দেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে। তারা অভিযান চালাবে।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা ছাড়া অন্যসব ভাটা অবৈধ। পরিবেশ আইন অনুযায়ী কোনোভাবেই ড্রাম চিমনির ভাটা করতে দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি, মেহেন্দীগঞ্জ উপজেলায় কয়েকটি ড্রাম চিমনির ইটভাটা চালু হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগির অভিযান চালানো হবে।’