ড্রামে লাশ ভরে ঢালা হয় অ্যাসিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিঘি থেকে উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত। পুলিশ বলছে, খুনে যুবলীগ ‘নেতা’ জড়িত

খুনের পর লাশ প্রথমে কেটে টুকরো টুকরো করার চেষ্টা হয়। এরপর লাশটি ড্রামের ভেতর ঢুকিয়ে অ্যাসিড ঢালা হয়। পরে ইট, বালু, সিমেন্ট ও চুন দিয়ে ড্রামের মুখ ঢালাই করে ফেলে দেওয়া হয় দিঘিতে। ১৮ দিন আগে চট্টগ্রামে লাশ উদ্ধারের একটি ঘটনার তদন্ত করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ এসব তথ্য জানতে পারে। খুনের ঘটনায় চট্টগ্রাম নগর যুবলীগের নেতা হিসেবে পরিচিত অমিত মুহুরী জড়িত বলে পুলিশ জানায়।

ঘটনার শুরু গত ১৩ আগস্ট। সেদিন চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার রানীর দীঘিতে গোসল করার সময় এক ব্যক্তি ড্রামটি শনাক্ত করেন। পরে পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনার তদন্ত করতে গিয়ে গতকাল ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বলেন, ড্রামের ভেতর থেকে পাওয়া লাশটি ইমরানুল করিম নামের এক যুবকের। ইমরানুল অমিতের বন্ধু। গত ৯ আগস্ট নগরের নন্দনকানের হরিশ দত্ত লেনের নিজের বাসায় ইমরানুলকে ডেকে নেন অমিত। বাসার ভেতরেই তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার করা দুই যুবকও তখন অমিতের বাসায় ছিলেন।

এর আগে ইমরানুল নিখোঁজ উল্লেখ করে তাঁর ছোট ভাই ইরফানুল করিম গত ২২ আগস্ট রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ইমরানুলদের গ্রামের বাড়ি রাউজানে হলেও তিনি চট্টগ্রাম শহরে থাকতেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) জাহাঙ্গীর আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, যুবলীগ নেতা পরিচয় দেওয়া অমিত মুহুরীর নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয় বলে দুই আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। অমিতের স্ত্রীর সঙ্গে ইমরানুলের সম্পর্ক থাকতে পারে—এই সন্দেহের জেরে খুনের ঘটনা ঘটে। অমিতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অমিত মুহুরী ২০১৪ সালের জুন মাসে চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র নিয়ে জোড়া খুন মামলারও আসামি।