ড্রেন থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় ড্রেন থেকে কল্পনা আক্তার (২৮) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে কল্পনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন তাঁর স্বামী সিদ্দিক মিয়া। তাঁদের বাড়ি ময়মনসিংহে। কল্পনা স্থানীয় একটি কটন মিলের শ্রমিক ছিলেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান, গতকাল রাত ১১টার পরও কল্পনা বাড়িতে না ফেরায় সিদ্দিক তাঁকে খুঁজতে বের হন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কল্পনা রাত ১০টার পরে কারখানা থেকে বের হয়ে গেছেন। পরে সেখান থেকে ফেরার পথে রাত ১২টার দিকে বাসার কাছের একটি ড্রেনে তিনি কল্পনার লাশ দেখতে পান। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আশরাফুজ্জামান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কল্পনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এ নিয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

কল্পনার লাশ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।