ড্রোন ও অচেতন করার যন্ত্র জব্দ, যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে চালকহীন উড়ন্ত যান (ড্রোন) ও সিকিউরিটি স্টানগান (অচেতন করার যন্ত্র) জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় যাত্রী মো. সোলায়মানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দারা জানান, জব্দ করা ড্রোনটি চীনের তৈরি। ওজন ১৬০ গ্রাম। ড্রোনটি ব্যবহার করে ওপর থেকে কোনো জায়গার স্থির ও ভিডিওচিত্র ধারণ করা যায়, যা স্মার্টফোনে সরাসরি দেখা যাবে। অপরদিকে স্টানগান যন্ত্র দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো মানুষকে অচেতন করা যায়। এর মোড়কে লেখা রয়েছে, ‘সিকিউরিটি প্লাস স্টানগান, হাই কোয়ালিটি ডিফেন্স ওয়েপন্স, ওয়ান মিলিয়ন ভোল্টস’।
শুল্ক গোয়েন্দারা জানান, গত মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সোলায়মান চট্টগ্রামে আসেন। তাঁর বাড়ি পটিয়ার কালারপোল এলাকায়। বিমানবন্দর ত্যাগ করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ড্রোন ও স্টানগান পাওয়া যায়। দিনভর যন্ত্র দুটি পরীক্ষা-নিরীক্ষার পর রাতে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হন, অন্য কোনো কাজে ব্যবহারের জন্য এগুলো আনা হয়েছে। রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে যন্ত্র দুটি হুমকি বলে তাঁরা মনে করেন। এরপর গতকাল বুধবার সকালে পতেঙ্গা থানায় সোলায়মানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
তবে সোলায়মান গতকাল থানায় সাংবাদিকদের কাছে দাবি করেন, জব্দ করা যন্ত্র দুটি খেলনা সরঞ্জাম। দুবাইতে তাঁর বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে। পুলিশে কর্মরত তাঁর এক বন্ধুর জন্য এগুলো আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এ দুটি যন্ত্র মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। এই ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনার স্থির ও ভিডিওচিত্র সরাসরি আদান-প্রদান করা সম্ভব। এটি তিন-চার তলা উচ্চতা পর্যন্ত ওড়ানো যায়। স্টানগান ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষকে অজ্ঞান করা যায়।