ড্রোন তৈরির সরঞ্জাম উদ্ধার করার দাবি, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন সড়কে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তানজিল হোসেন ওরফে বাবু (২৬) ও মো. গোলাম মাওলা ওরফে মোহন (২৫)। গতকাল বুধবার তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোয়াড হেলিকপ্টার বা চালকবিহীন বিমান তৈরির (ড্রোন) বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রাংশ, সরঞ্জাম ও সংগঠনের উগ্র মতবাদ-সংবলিত কিছু পুস্তিকা উদ্ধার করা হয়েছে। গোলাম মাওলা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর শিক্ষা নিয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বৈদ্যেরখিল গ্রামে। তানজিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, তাঁরও কারিগরিবিষয়ক অভিজ্ঞতা আছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওই দুজনকে হাজির করা হয়। তবে তাঁদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া তানজিল ও গোলাম মাওলা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীর অনুসারী হিসেবে জিহাদি কার্যক্রম পরিচালনা করছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ২০ থেকে ২৫ তলা ভবনের উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করার ক্ষমতাসম্পন্ন ড্রোন তৈরি করার পথে অনেক দূর এগিয়েছেন। এর জন্য তাঁরা ছয় মাস ধরে গবেষণা করছেন। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে তাঁরা ভূমি থেকে ভূমিতে আক্রমণ কষ্টসাধ্য বলে আকাশপথে গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিকদের ওপর আক্রমণের পরিকল্পনা করছিলেন। ড্রোনে কয়েক কেজি ওজনের বোমা বহনের সক্ষমতা ছিল।
মনিরুল ইসলাম বলেন, ডিবির কাছে তথ্য ছিল, কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের একটি অংশ ভিন্ন উপায়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ওপর হামলার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে দলটিকে চিহ্নিত করে ড্রোন তৈরির পরিকল্পনাকারী তানজিল ও মাওলাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, উদ্ধার করা সরঞ্জাম খেলনা হেলিকপ্টারের চেয়ে উন্নত প্রযুক্তির। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায়, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।