ঢাকা ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে দুঘন্টারও বেশি সময় কারওয়ান বাজারে ওয়াসা ভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি দল।
জিজ্ঞাসাবাদ শেষে জায়েদ হোসেন খান সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্প ও মডস-৫ জোনসহ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সে অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন তথ্য জানা ও ওয়াসার এমডির বক্তব্য জানতে কমিশনের দলটি ওয়াসায় আসে।
পরে ওয়াসার এমডি তাকসিম এ খান সাংবাদিকদের বলেন, বিভিন্ন প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জানতে দুদকের কর্মকর্তারা এসেছিলেন। তবে কোনো দুর্নীতির বিষয়ে তাঁরা প্রশ্ন করেননি। দুদক কর্মকর্তারা যেসব তথ্য জানতে চেয়েছিলেন, বেশির ভাগই তাঁদের দেওয়া হয়েছে। কিছু তথ্য পরে দেওয়া হবে।