ঢাকা কলেজ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ঢাকা কলেজের খেলার মাঠের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিউমার্কেট থানার পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সলিমুল্লাহ (৩৫)। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুরের খাস গাজীপুর গ্রামে। ঢাকায় এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে তিনি ভাইয়ের বাসায় থাকতেন।
সলিমুল্লাহর ভাতিজা মো. মাঈনুদ্দীন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সোমবার রাত থেকে তাঁর চাচার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, মুঠোফোনও বন্ধ ছিল। সলিমুল্লাহ শরীয়তপুরের একটি কলেজ থেকে ডিপ্লোমা পাস করেছেন, কিন্তু কোনো চাকরি করতেন না। সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এসব কারণে তাঁর মধ্যে হতাশা ছিল। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী জানান, কলেজের খেলার মাঠের পাশে একাডেমিক ভবনের নিচতলায় গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে তাঁরা পুলিশে খবর দেন। সকাল সাড়ে নয়টার দিকে নিউমার্কেট থানার পুলিশ লাশটি উদ্ধার করে। সলিমুল্লাহর ভাই মো. আমানুল্লাহ ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। আমানুল্লাহ নিজেকে ঢাকা মেডিকেল কলেজের কর্মচারী হিসেবে পরিচয় দেন। লাশ উদ্ধারের সময় তিনি বেশ কান্নাকাটি করছিলেন।
গতকাল দুপুরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত প্রথম আলোকে বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।