ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ঢাকা কলেজে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের অন্তত ছয় কর্মী। ভাঙচুর করা হয় তিনটি ছাত্রাবাসের ২০টি কক্ষ। এ সময় কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ।
সংঘর্ষের একপর্যায়ে ধাওয়া দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-স্কুলছাত্রবিষয়ক সম্পাদক, কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা পক্ষের নেতা-কর্মীদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। তাঁর কক্ষ (আন্তর্জাতিক হলের ২১২ নম্বর) ভাঙচুর করে দখলে নিয়েছেন অন্যরা। আহত ছাত্ররা হলেন রহমত উল্লাহ, মো. রুবেল, ফারহান খান, আল আমিন ও অসীম বিশ্বাস। অসীমকে ল্যাবএইডে ও অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের পর ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, দারোয়ান ও ছাত্রলীগ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, কলেজ মাঠে বিকেলে কেন্দ্রীয় উপ-স্কুলছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানার সঙ্গে কলেজ ছাত্রলীগ কমিটির পদপ্রত্যাশী শিহাব ভূঁইয়ার কথা-কাটাকাটি হয়। এ সময় শিহাব ভূঁইয়ার এক কর্মীকে চড়থাপ্পড় দেন সোহেল। পরে শিহাব ও অন্য পদপ্রত্যাশী নেতারা কর্মীদের জড়ো করে ইফতারের পরপরই সোহেলের কর্মীদের ওপর হামলা করেন।
এই পক্ষের নেতৃত্ব দেন বিলুপ্ত কমিটির সমাজসেবাবিষয়ক সম্পাদক শেখ রাসেল, ছাত্রলীগের কর্মী রাসেল মাহমুদ, জামালউদ্দিন, ইমরুল হাসান, হুমায়ূন রানা প্রমুখ। রাসেল মাহমুদ প্রথম আলোকে বলেন, সোহেল ঢাকা কলেজ থেকে পাস করে বের হয়ে গেছেন। তিনি কেন্দ্রীয় কমিটিতে রাজনীতি করেন। তারপরও কলেজের নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলেন। তিনি বহিরাগত ব্যক্তিদের হলে রাখেন। এ ছাড়া বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত থাকায় সাধারণ ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাঁকে বের করে দিয়েছেন। তাঁর সঙ্গে যাঁদের বের করে দেওয়া হয়েছে, তাঁরা কেউ ঢাকা কলেজের ছাত্র নন। শেখ রাসেল ও শিহাব ভূঁইয়াও একই অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা (ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী) প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ঢাকা কলেজের আশপাশের মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে সোহেলের সঙ্গে ওই পক্ষের আগে থেকেই বিরোধ ছিল। ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস আর পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক সাবেক নেতা গতকাল কলেজে এসেছিলেন। তাঁদের সামনেই দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সংঘর্ষ হয়।
সরেজমিনে দেখা গেছে, সোহেলের ২১২ নম্বর কক্ষ ছাড়াও আন্তর্জাতিক ছাত্রাবাসের ৮টি ও পশ্চিম ছাত্রাবাসের অন্তত ১০টি ও দক্ষিণ ছাত্রাবাসের ২টি কক্ষ ভাঙচুর করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল ও হল প্রাঙ্গণে থাকা একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
সোহেল রানাকে একাধিকবার ফোন করে ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। ছাত্রলীগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ শাখার কমিটি দীর্ঘদিন আগেই বিলুপ্ত করা হয়েছে এবং বর্তমানে সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের দায় ছাত্রলীগ নেবে না।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি বা কার্যক্রম নেই। তারা ছাত্রলীগের কোনো কর্মসূচিতেও আসে না। আর সেখানে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে, তাও আমাদের জানা নেই। সুতরাং সেখানে ছাত্রলীগের পক্ষ-বিপক্ষ থাকার কোনো সুযোগ নেই।’