ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারের জের ধরে ঢাকা কলেজে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজ সূত্রে জানা যায়, আজ ইফতারের আগে ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুলছাত্রবিষয়ক উপসম্পাদক সোহেল রানার সঙ্গে কলেজ ছাত্রলীগ কমিটির পদপ্রত্যাশী শিহাব ভূঁইয়ার সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ইফতারের পর শিহাব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে সোহেল রানার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় কলেজের ১০টির বেশি কক্ষ, তিনটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও দুটি হলের জানালার কাচ ভাঙচুর করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি বা কার্যক্রম নেই। তারা ছাত্রলীগের কোনো কর্মসূচিতেও আসে না। আর সেখানে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে, তা–ও আমাদের জানা নেই। সুতরাং সেখানে ছাত্রলীগের পক্ষ-বিপক্ষ থাকার কোনো সুযোগ নেই।’