ঢাকা-চট্টগ্রাম কাস্টম হাউসে ৬১ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য উদ্ঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম কাস্টম হাউসের দুটি বিল অব এন্ট্রিতে প্রায় ৬১ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য উদ্‌ঘাটন করেছে শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের (সিভিএ) নিরীক্ষা দল।

আজ বুধবার রাজধানীর শুল্ক ফাঁকির বিষয়টি উদ্‌ঘাটিত হয় বলে জানিয়েছেন শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের কমিশনার মইনুল খান।

সিভিএ জানায়, তাদের একটি দল আজ ঢাকা ও চট্টগ্রাম কাস্টম হাউসের দুটি বিল অব এন্ট্রিতে নিরীক্ষা করে প্রায় ৬১ লাখ টাকা শুল্ক ফাঁকি উদ্‌ঘাটন করেছে।

অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ঢাকা কাস্টম হাউসের বিলটির মাধ্যমে বিভিন্ন ধরনের তৈরি পোশাক আমদানিতে অবমূল্যায়ন করা হয়েছে। পণ্যের আমদানিকারক ঢাকার ইস্টার্ন প্লাজার একটি প্রতিষ্ঠান। এই পণ্য তারা আল আরাফা ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলে ভারত থেকে আমদানি করেন। এগুলোর দাম দেখানো হয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে কম। কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি ৮ ডলারের পরিবর্তে ৫ ডলার ৪১ সেন্ট এবং ১২ ডলারের পরিবর্তে ৩ ডলার ৯৬ সেন্টে শুল্কায়ন করা হয়। ফলে পোশাকের এই চালানে সরকারের প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রির মাধ্যমে ২৮ টন পাইল ফেব্রিকস আমদানি করা হয়। ওই পণ্য আনতে চীন থেকে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে এলসি খোলা হয়। নথিতে পণ্যের প্রতি কেজি তিন ডলার হিসেবে শুল্কায়ন করা হয়। অথচ এর নির্ধারিত মূল্য প্রতি কেজি ৪ ডলার ৭৪ সেন্ট। এতে সরকারের ৩৬ লাখ ১৯ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়। পণ্যের আমদানিকারক চট্টগ্রামের সামাদ সুপার মার্কেটের একটি প্রতিষ্ঠান।
দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিভিএ।