ঢাকা জেলা ছাত্রলীগের নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ওরফে ইমুকে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুব ইসলামের অনুসারী নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি পক্ষ তাঁকে লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী জানান, গতকাল দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বের হয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ছিলেন ইকরামুল নবী। এ সময় ছাত্রলীগ নেতা খন্দকার মাহবুব ইসলামের অনুসারী উপজেলা ছাত্রলীগের একটি অংশ তাঁকে (ইকরামুল) কিল-ঘুষি মারেন। পরে অন্য নেতা-কর্মীরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে ইকরামুল নবীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
খন্দকার মাহবুব ইসলাম বলেন, তাঁর সঙ্গে ঢাকা জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে কথা হচ্ছিল। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে পদবঞ্চিত কয়েকজন ছাত্রলীগ কর্মী তাঁকে (ইকরামুল) কিল-ঘুষি মারেন।