ঢাকা, ঝিনাইদহ খুলনায় 'বন্দুকযুদ্ধ', তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা, ঝিনাইদহ ও খুলনায় র‍্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক দিনে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ‘বন্দুকযুদ্ধের’ তিনটি ঘটনা ঘটে।

র‍্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর নামে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি এবং মাদক-সংক্রান্ত অভিযোগে নয়টি মামলা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা র‍্যাবের ভাষ্য অনুযায়ী, কদমতলীর পোস্তগোলা এলাকায় পানি শোধন প্রকল্পের ভেতরে খোলা জায়গায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে বলে গতকাল ভোর চারটার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে ডিএডি আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে র‍্যাবের একটি টহল দল সেখানে পৌঁছালে দুষ্কৃতকারীরা অতর্কিতে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালালে একপর্যায়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় দেলোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা, ৫১০টি ইয়াবা বড়ি, ২৪ অ্যাম্পল প্যাথিডিন ইনজেকশন, একটি ছোরা ও দুটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে র‍্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রথম আলোরখুলনা অফিস জানায়, খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের শাকবাড়িয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আনারুল সানা। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের জিহাদ সানার ছেলে। তিনি বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলীর ভাষ্য অনুযায়ী, বনদস্যু আনারুল তাঁর বাহিনীর জন্য গত বৃহস্পতিবার দুপুরে বাজার করতে কয়রা যান। গোপন সূত্রে এ খবর পেয়ে কয়রা বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে তাঁর সহযোগীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে সুন্দরবনের শাকবাড়িয়া এলাকার খড়খড়িয়া নদীর নাপিতের খালে গতকাল ভোর চারটার দিকে অভিযানে গেলে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আনারুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক, পাঁচটি গুলি ও দুটি দা উদ্ধার করা হয়েছে। নিহত আনারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি ও একটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

ঝিনাইদহ থেকে প্রথম আলোরনিজস্ব প্রতিবেদক জানান, র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম ওরফে পচা (৪৩)। তিনি হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, হরিণাকুণ্ডুর ফলসি বটতলা এলাকায় গতকাল ভোরে ডাকাতির চেষ্টার সময় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান শহিদুল। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একাধিক হত্যাসহ আটটি মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।