ঢাকা থেকে অপহৃত তিন যুবক ঝিনাইদহ থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ অপহৃত তিন যুবককে গতকাল শনিবার সকালে ঝিনাইদহের জেলা পরিষদের অডিটোরিয়াম থেকে উদ্ধার করেছে। তাঁদের প্রত্যেকের বাড়িতে ফোন করে ৫ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
উদ্ধার করা তিন যুবক হলেন শ্রীপুর উপজেলার দমদমা গ্রামের সাত্তার বেপারীর ছেলে সাইফুল ইসলাম (২২), ঢাকার কেরানীগঞ্জের তালিপুর এলাকার মোকছেদ আলীর ছেলে তুষার আহাম্মেদ (২৭) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে লিটন মিয়া (২৬)।
পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, দমদমা গ্রামের সাইফুল ইসলাম দীর্ঘদিন কুয়েতপ্রবাসী ছিলেন। চার-পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন। গত বুধবার সকালে সাইফুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাঁর পূর্ব পরিচিত ঝিনাইদহ জেলা পরিষদের কেয়ারটেকার রাজন মিয়া ও তাঁর কয়েকজন সঙ্গী তাঁকে বেড়ানোর কথা বলে গাড়িতে তুলে ঝিনাইদহ নিয়ে যান। ওই দিন থেকে সাইফুল নিখোঁজ হওয়ায় তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা তাঁর মা গোলাপী বেগমের মুঠোফোনে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে সাইফুলকে হত্যা করা হবে বলে জানায়। পরে মা গোলাপী বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানা-পুলিশ ঝিনাইদহ এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোরে ঝিনাইদহ জেলা পরিষদের অডিটোরিয়াম থেকে সাইফুলকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সাইফুল ইসলাম পুলিশকে জানান, তাঁর মতো আরও দুজনকে ওই অডিটোরিয়ামে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ অডিটোরিয়ামের ভেতরের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তুষার আহাম্মেদ ও লিটন মিয়াকে উদ্ধার করে গতকাল শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত তিন যুবককে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁদের উদ্ধারের সময় অপহরণকারীর মূল হোতা অডিটোরিয়ামের কেয়ারটেকার রাজন মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক আরিফুর রহমান জানান, অপহরণকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, কেরানীগঞ্জের ওই দুই যুবককে ঢাকার গাবতলী থেকে একই কায়দায় বেড়ানোর কথা বলে অপহরণ করা হয়। পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।