ঢাকা থেকে অপহৃত ব্যক্তি নেত্রকোনায় উদ্ধার, গ্রেপ্তার ১
ঢাকার পল্লবী থেকে অপহরণের ১০ দিন পর মজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত পশ্চিম লেঙ্গুরা এলাকা থেকে নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) ও কলমাকান্দা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
পুলিশ এ ঘটনায় মাসুদ রানা (৩২) নামের অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার গোরাগাঁও গ্রামে।
পুলিশ জানায়, পল্লবী থানার ৮ নম্বর রোডের বি-ব্লকের বাসিন্দা মজিবুর রহমান ১১ মার্চ অপহৃত হন। অপহরণকারী চক্রটি তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় অপহৃত ব্যক্তির পরিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। একপর্যায়ে মুঠোফোনের সূত্র ধরে পল্লবী থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারে নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) ও কলমাকান্দা থানার পুলিশের সহায়তা চায়।
শুক্রবার সন্ধ্যায় মাসুদ রানাকে স্থানীয় লেঙ্গুরাবাজার থেকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত মজিবুর রহমানকে রাত নয়টার দিকে ভারতের সীমান্তঘেঁষা পশ্চিম লেঙ্গুরা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, মজিবুর রহমান ও মাসুদ রানাকে গতকাল পল্লবী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই থানায় মামলা হয়েছে। অপহরণকারী চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।