ঢাকা থেকে অপহৃত শিশু গোয়ালন্দে উদ্ধার
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা সংযোগ সড়ক থেকে গতকাল শুক্রবার ভোরে জিহাদুর রহমান (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকার মিরপুরের দারুস সালাম মাজার রোডের বাতেন নগর এলাকার জিয়াউর রহমানের ছেলে ও স্থানীয় লালকুঠি বাজার নতুন কুড়ি আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।
উদ্ধার হওয়া শিশুটি গতকাল দুপুরে থানা হেফাজতে জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গাবতলী এলাকার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সে। খেলার একপর্যায়ে বলটি সড়কে গিয়ে পড়ে। বলটি আনতে গেলে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে কয়েকজন তাকে গাড়িতে তুলে নেয়। এ সময় সে চিৎকার দিলে গাড়িতে বসে থাকা কয়েকজন তার মুখে রুমাল চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। গতকাল ভোর চারটার দিকে তারা তাকে তেনাপচা এলাকায় ফেলে রেখে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি চেতনা ফিরে পেলে সে চিৎকার করতে থাকে। পরে এক গাড়িচালক তাকে উদ্ধার করে দৌলতদিয়া ঘাট পুলিশ বক্সে রেখে যান। তার বাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মা গৃহিণী, ছোট এক বোন আছে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকায় বলে সে জানায়।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খুব সকালে ফরিদপুর থেকে গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যানের চালক আবদুল হাকিম শিশুটিকে মহাসড়কের পাশে বসে কাঁদতে দেখে উদ্ধার করেন। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শিশুটিকে সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে শিশুটি গোয়ালন্দ ঘাট থানা হেফাজতে রয়েছে।
সিরাজুল ইসলাম আরও জানান, দুর্বৃত্তরা শিশুটিকে ঢাকা থেকে অপহরণ করে দক্ষিণাঞ্চলের কোথাও নিয়ে যাওয়ার সময় গোয়ালন্দ এলাকায় মহাসড়কে পুলিশ টহল দেখে ভয়ে মহাসড়কে ফেলে রেখে যায়। বিষয়টি মিরপুর দারুস সালাম থানায় বেতারবার্তায় জানানো হয়েছে।