ঢাকা থেকে অপহৃত শিশু টঙ্গীতে উদ্ধার দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহৃত দুই শিশুকে গতকাল মঙ্গলবার টঙ্গী রেলওয়ে জংশন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও পুরুষকে আটক করা হয়েছে। গত সোমবার ওই শিশু দুটির মধ্যে একজনকে অপহরণ করা হয়েছিল।
র্যা বের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা কাজী সুলতানের বাড়িতে ভাড়া থাকতেন জোবায়ের আহমেদ ও তাঁর স্ত্রী মারুফা খানম। জোবায়ের ও তাঁর স্ত্রী বাড়ির মালিকের তিন বছরের সন্তান প্রহরকে অপহরণ করেন। ওই দিনই তাঁরা শিশুটিকে জোবায়েরের বাবা ও মায়ের হাতে তুলে দেন। একই সঙ্গে জোবায়ের-মারুফা দম্পতি নিজেদের সন্তান জিলানীকেও দিয়ে দেন। জোবায়েরের বাবা-মা নিজেদের নাতিসহ প্রহরের দাদা-দাদি সেজে শিশু দুটিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যান। সেখান থেকে তাঁরা প্রহরের বাবা সুলতানের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এদিকে অপহরণকারী জোবায়ের প্রহরের বাবার সঙ্গে মিলে থানায় গিয়ে শিশুটির অপহরণের বিষয়ে অভিযোগ করেন। পরে ঘটনাটি শিশুটির বাবা র্যা ব-১-এ অভিযোগ করেন। র্যা ব অনুসন্ধান করে নানা তথ্য মিলিয়ে দেখে, জোবায়ের অপহরণের সঙ্গে জড়িত। কিন্তু জোবায়েরকে তখন আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে তাঁর স্ত্রীর মুঠোফোন ট্র্যাকিং করে র্যা ব নিশ্চিত হয়, জোবায়ের, তাঁর স্ত্রী, বাবা ও মা এ অপহরণের সঙ্গে জড়িত। অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের ধরতে তৎপরতা শুরু করলে অপহরণকারীরা গতকাল বেলা দেড়টার দিকে টঙ্গী রেলস্টেশনে এক মুচির কাছে শিশু দুটিকে ফেলে যান। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারুফা ও শরীয়তপুরের বালিয়াকান্দি এলাকার আমজাদ হোসেনকে (৩২) আটক করে র্যা ব। তাঁরা দুজনই রাজধানীর দক্ষিণখান এলাকার বাসিন্দা।
পরে জোবায়েরের বাসায় অভিযান চালিয়ে তিনটি ছিনতাই ও চাঁদাবাজির মামলার কাগজপত্র পাওয়া যায়। অপহরণের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।