ঢাকা থেকে অপহৃত শিশু ফেনীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে অপহৃত শিশু পারভেজ আহম্মদ ওরফে জয়কে (১০) গতকাল মঙ্গলবার ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. রাসেল (২২) নামের একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২ মে বিকেলে সোবহানবাগ থেকে শিশু পারভেজকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার রিকশাচালক বাবা বাবুল হোসেনের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ৪ মে বাবুল হোসেন শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ কৌশল হিসেবে মুক্তিপণ নিয়ে অপহরণকারীদের সঙ্গে দর-কষাকষি শুরু করে। একপর্যায়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দিতে সম্মত হয় অপহরণকারীরা। অপহরণকারীরা টাকা নিয়ে প্রথমে কুমিল্লা ও পরে ফেনীতে আসতে বলে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশের একটি দল পারভেজের বাবা বাবুলকে নিয়ে ফেনীর উদ্দেশে যাত্রা করে।
পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে অপহরণকারীরা পারভেজকে নিয়ে দক্ষিণ জায়লস্কর গ্রামে যায়। সেখানে গিয়ে তারা গ্রামবাসীকে বলে ফেনীর মহিপালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে। তারা এখন একটু আশ্রয় চায়। এ কথায় গ্রামবাসীর সন্দেহ হলে তাঁরা বিষয়টি দাগনভূঞা থানার পুলিশকে জানায়। পরে দাগনভূঞা থানা ও শেরেবাংলা নগর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য মো. রাসেলকে আটক করে।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপহরণকারী চক্রের আরও এক সদস্যকে ঢাকায় আটক করা হয়েছে।