ঢাকা থেকে অপহৃত শিশু রাজবাড়ীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহরণ হওয়া আঁখি নামের আট বছরের এক শিশুকে আজ শুক্রবার রাতে রাজবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণের অভিযোগে কাঞ্চন মালা নামের এক নারীকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।

রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, আজ রাত আটটার দিকে রাজবাড়ী বাস স্ট্যান্ডে কাঞ্চন মালা নামের ওই নারী এক শিশুকে নিয়ে বাসে উঠছিলেন। তখন শিশুটি কান্নাকাটি করছিল। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে লোকজন কাঞ্চন মালাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ কাঞ্চন মালা ও ওই শিশুকে থানায় নিয়ে যায়। পরে জানা যায়, ওই শিশু পরিবারের সঙ্গে বনানী থানা এলাকার মহাখালীতে থাকে। আটক নারী কাঞ্চন মালা তাদের প্রতিবেশী। আজ সকালে কাঞ্চন মালা শিশুটিকে অপহরণ করেন। পরে ঢাকা থেকে বাস ও ট্রেন যোগে রাজবাড়ী পৌঁছান। পরে রাজবাড়ী বাস স্ট্যান্ডে গিয়ে বাসে ওঠে শিশুটিকে চুয়াডাঙ্গা নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। চুয়াডাঙ্গা কাঞ্চন মালার গ্রামের বাড়ি।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ওই শিশু নিখোঁজের ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বনানী থানায় খবর দেওয়া হয়েছে। ওই থানার পুলিশ শিশুটির পরিবারের সদস্যদের নিয়ে রাজবাড়ী রওনা দিয়েছেন।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুকে উদ্ধার ও ওই নারীকে আটক করে থানায় আনা হবে।