ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রায় ৫ হাজার দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। দুর্নীতি করে একটি চক্র প্রায় শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ যাচাই করতে অনুসন্ধানে নেমেছে দুদক।
অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানিয়েছে, প্রশাসকের অধীনে থাকাকালীন এক বছরেই তড়িঘড়ি করে ১১টি বিপণিবিতান (মার্কেট) তৈরি করা হয়। ২০টি স্থানে বিচ্ছিন্নভাবে বসানো হয় দোকান। ভুয়া ১৪টি সমিতির নামে এক বিপণিবিতানেই দেওয়া হয়েছে ১ হাজার ২৪২টি দোকান। মেয়র, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য যে ২৫ শতাংশ কোটা রয়েছে, তা ওই সব সমিতির লোকজন নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।
অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে মেয়র সাঈদ খোকনের কাছে নথিপত্র চেয়ে গতকাল মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী। নোটিশে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে চাহিদা অনুযায়ী নথিপত্র দিতে অনুরোধ করা হয়েছে।
মেয়রের কাছে পাঠানো চিঠিতে যেসব নথিপত্র চাওয়া হয়েছে সেগুলো হলো—যাত্রাবাড়ী মার্কেটে ১ হাজার ২৪২টি, বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে ৬০০, ঢাকা ট্রেড সুপার মার্কেটে ১ হাজার ৭৪২, সায়েদাবাদ রেলওয়ে বাজার মার্কেটের ৩২টি, নীলক্ষেত রোড সাইড মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের পূর্ব পাশ, নিউমার্কেট আবদুর রহিম ওয়াক্ফ এস্টেট মসজিদসংলগ্ন খালি জায়গা, সুন্দরবন স্কয়ার মার্কেট, আহসান মঞ্জিল সুপার মার্কেট, কাপ্তানবাজার রোড সাইড মার্কেট, নবাব ইউসুফ মার্কেটের ৫ নম্বর ভবন, পলাশী আজিমপুর রোড সাইড মার্কেট, বলধা গার্ডেনসংলগ্ন ১৩ নম্বর খতিয়ানের মার্কেট, নবাব ইউসুফ মার্কেটের ৫ নম্বর ভবন এবং ওসমানী উদ্যানের উত্তর-পূর্ব কোণে ডিএসসিসির জায়গার বরাদ্দকৃত দোকানগুলোর বরাদ্দ দেওয়ার লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের নাম-পদবিসহ ঠিকানা। এ ছাড়া এসব দোকান বরাদ্দ কমিটির সভা, সভার কার্যবিবরণী, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ও বরাদ্দপত্রের নথি দুদককে দিতে বলা হয়েছে।