ঢাকা বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না করা শিক্ষার্থীদের অতিরিক্ত জরিমানা ধার্য, কোচিং বাধ্যতামূলক করা ও কলেজ কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগ এনে ঢাকা বিজ্ঞান কলেজে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন একদল শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। গতকাল রোববার এ ঘটনার পর মালিবাগে অবস্থিত বেসরকারি এই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কয়েকজন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অভিযোগ করেন, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অর্থাৎ দ্বিতীয় বর্ষে ওঠার জন্য কিছুদিন আগে পরীক্ষা হয়। ওই পরীক্ষায় ২৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭৭ জন অংশ নেন। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষের নির্ধারণ করা লক্ষ্য অনুযায়ী মাত্র ২৪ জন কাঙ্ক্ষিত ফল করেন। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারা বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ওঠার জন্য বড় অঙ্কের টাকা জরিমানা ধার্য করে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁদের জন্য কোচিং বাধ্যতামূলক করা হয়।
বিষয়টি জানতে গতকাল অর্ধশতাধিক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা কলেজে যান। তাঁরা দাবি করেন, এ সময় কলেজের অধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাদানুবাদের একপর্যায়ে তাঁরা কলেজের জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।