ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অজ্ঞাতনামা যুবকের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল শনিবার সকালে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ের সামনের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। মাথার পেছনে, কপালে ও ডান হাতে গুরুতর জখম আছে। এ ছাড়া শরীরের অন্যান্য অংশে সামান্য জখমের চিহ্ন দেখা গেছে।
লাশের সুরতহাল প্রস্তুতকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, জখমের ধরন দেখে মনে হচ্ছে, ভোঁতা কোনো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। ওই যুবককে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা তাকে মেরে ওই স্থানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অস্বাভাবিক মৃত্যু: রাজধানীর শ্যামলীর এক বাসা থেকে গত শুক্রবার রাতে মুনমুন মহসীন নায়লা (২৮) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার এসআই অনন্ত কুমার রায় প্রথম আলোকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।