ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের চার কর্মী সাময়িক বহিষ্কৃত
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনন্দ-উৎসব চলাকালে ছাত্রলীগের হামলার ঘটনায় গতকাল বুধবার চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও চারজনকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তাসলিম হাসান, অপরাধবিজ্ঞান বিভাগের আলী আব্বাস, শান্তি ও সংঘর্ষ বিভাগের কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শাহরিয়ার নাজিম। শাহরিয়ার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী হলেও তিনি হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। অন্যরা মুহসীন হলের শিক্ষার্থী। এঁরা সবাই প্রথম বর্ষের ছাত্র ও হল শাখা ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আনন্দ-উল্লাসরত বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীর সঙ্গে অসদাচরণ এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দর্শন বিভাগের বাহাউদ্দিন, উর্দু বিভাগের আবদুল হাকিম, দর্শন বিভাগের শাহরিয়ার এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের আতিকুর রহমানকে একই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন।
গত সোমবার টিএসসিতে উৎসব চলাকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ওই সাবেক ছাত্রীকে রং মাখানোর চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাঁদের হামলার শিকার হন সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহসহ অন্তত পাঁচজন। তবে এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।