ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গত শনিবার মধ্যরাতে গুলিবিদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যানবেইস কার্যালয়ের সামনে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে বা কারা, কেন গুলি করেছে তা জানাতে পারেননি ঘটনার সময় যুবায়েরের সঙ্গে থাকা ছাত্রলীগের দুই নেতা এবং পুলিশ।

যুবায়েরের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ বলেন, শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে পলাশী মোড় থেকে তাঁরা তিনজন মোটরসাইকেলে করে নীলক্ষেতের দিকে যাচ্ছিলেন। পথে ব্যানবেইস কার্যালয়ের সামনে সাদা একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের মোটরসাইকেলের পথরোধ করে। দুজন ব্যক্তি ওই গাড়ি থেকে নেমে তাঁদের দিকে গুলি করলে যুবায়ের আহত হন।

ব্যানবেইস কার্যালয়ের ঠিক উল্টো পাশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার প্রবেশ ফটক। ওই ফটকে রাতে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও ব্যানবেইসের সামনের ফুটপাতের অন্তত তিনজন চায়ের দোকানির কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ওই সময় তাঁরা কোনো গুলির শব্দ শোনেননি।

মোটরসাইকেল চালাচ্ছিলেন জহিরুল ইসলাম। তিনি বলেন, পলাশী মোড়ে চা পান করে তাঁরা হলে ফিরছিলেন। গাড়িটি পথরোধ করার পর তিনি বিপদ আঁচ করে দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে ফেলেন। তখন গাড়িটি থেকে দুজন নেমে গুলি করে। তাঁরা আবার পলাশী মোড়ে ফেরত আসার পর যুবায়ের বুঝতে পারেন, তাঁর ডান ঊরুতে গুলি লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। সুস্থ বোধ করায় গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিম উল হক বলেন, যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।