যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে। ছাত্রীর বাবা গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। গতকাল বুধবার মেজর স্বামী ও তাঁর পরিবারের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আহত ওই ছাত্রী ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
ছাত্রীর বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, গত সোমবার টাঙ্গাইলের কালিহাতীর শ্বশুরবাড়িতে তাঁর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী নুসরাত জাহানকে মারধর করা হয়। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রী-ছেলেকেও মারধর করা হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই রাতেই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু এলাকায় প্রভাবশালী হওয়ায় থানা মামলা নিচ্ছে না।
অভিযুক্ত নাজির উদ্দিন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত বলে জানিয়েছেন নূরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার সকালে তাঁর মেয়ে ফোন করে তাঁর ওপর নির্যাতনের খবর জানান। বিকেলে সেখানে পৌঁছালে তাঁদের সামনেই মেয়েকে মারধর করেন স্বামী ও শ্বশুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইদ্রিস আলী। বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে মুয়িদ হাসানও আহত হন।
নিজের হাতে মারধরের দাগ দেখাতে দেখাতে নূরুল ইসলাম বলেন, দুই বছর আগে মেয়ের বিয়ে দিয়েছেন। এর পর থেকে প্রতিনিয়ত তাঁদের কাছে যৌতুক দাবি করতে থাকেন নাজির উদ্দিন। এ জন্য কয়েক দফায় কমপক্ষে ২০ লাখ টাকা দিয়েছেন। এখন পাঁচ কোটি টাকা ও ঢাকায় ফ্ল্যাট দাবি করছেন। তাঁদের ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। ছেলের কথা চিন্তা করে নুসরাত জাহান সব মুখ বুজে সব সহ্য করছিলেন।
নুসরাতের ভাই মুয়িদ হাসান প্রথম আলোকে বলেন, টাঙ্গাইলে গিয়ে তাঁর বোন ও ভাগনেকে নিয়ে আসতে চাইলে বাধা দেয় পরিবার। পরে থানায় গিয়ে পুলিশ নিয়ে এসে সন্ধ্যায় নুসরাতকে উদ্ধার করা হয়। মাথা দেয়ালে ঠেকিয়ে বারবার আঘাত করায় নুসরাত গুরুতর আহত হন। এ ছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই রাতে আহত নুসরাতকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে বন্য পশুর মতো নির্যাতন করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। এই সময়ে যাঁরা যৌতুকের দাবি করতে পারেন, তাঁদের রুচি নিয়ে সন্দেহ রয়েছে।
তবে এ ব্যাপারে নাজির উদ্দিন বা তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুয়িদ হাসানের দেওয়া নম্বরটি গতকাল বন্ধ পাওয়া গেছে।