ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে ব্যবসায়ী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক ব্যবসায়ী। তাঁর নাম মনিরুজ্জামান মাসুম (৩০)। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মাসুম পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসা করেন। দুপুরে মোটরসাইকেলে করে নীলক্ষেতের দিকে যাচ্ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের সামনে দুটি মোটরসাইকেলে করে এসে চার যুবক তাঁর মোটরসাইকেলটিকে থামান। এ সময় তাঁর কাছে থাকা পাসপোর্ট ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবকেরা। ব্যাগ না পেয়ে দুর্বৃত্তরা তাঁর বাম পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যান। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তিনি বাড়ি ফিরে গেছেন।
তবে কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছেন তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।