ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের মিছিল, আটক ৬
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি-জামায়াত জোটের গতকাল সোমবারের হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পৃথক তিনটি মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মিছিল থেকে অন্তত সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন চারজন।
আটককৃতরা হলেন আবদুল্লাহ আল রিয়াদ, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোস্তাহিদ বিল্লাহ, সৈকত মোর্শেদ ও আহসান হাবীব। এদের প্রথম তিনজনকে মিছিল করার সময় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে ও বাকিদের মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অমর একুশে হলের সামনে থেকে আটক করা হয়।
সকাল ছয়টার দিকে বারডেম হাসপাতালের সামনে থেকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শেরাটন মোড়ের দিকে যাওয়ার সময় অন্তত সাতটি গাড়ি ভাঙচুর করেন ছাত্রদল কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে লাঠিপেটা করে।
সোয়া আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিলটি রোকেয়া হলের সামনে পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এখান থেকে তিনজনকে আটক করা হয়।
বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সামনে থেকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে গেলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়।