ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাহাঙ্গীরনগরের বাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সামনে আজ শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা চালিয়েছেন ‘অজ্ঞাত’ পরিচয় কয়েকজন ছাত্র। এতে বাসের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বাসের যাত্রীদের ধারণা, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের ছাত্র।
বাসের যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অলি মাহমুদ প্রথম আলোকে বলেন, বাসটি যখন জহুরুল হক হলের সামনে, তখন হঠাৎ কয়েকজন যুবক বাসে ওঠে চালককে মারধর করতে থাকেন। বলতে থাকেন, বাসটি বিশ্ববিদ্যালয় এলাকার মধ্য দিয়ে যাচ্ছে কেন? এ সময় প্রতিবাদ করলে তাঁদের কিল-ঘুষিতে কয়েকজন ছাত্রও আহত হন।
অলি মাহমুদ বলেন, তাঁরা জহুরুল হক হলের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে পারেন। কেননা, মারামারির একপর্যায়ে জ্যেষ্ঠতম একজন তাঁদের নিবৃত্ত করেন।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বাসটি উল্টোদিকের রাস্তায় চলছিল। এ সময় হঠাৎ করেই কয়েকজন ছাত্র বাসে উঠে মারামারি করেন। এর আগে কি হয়েছিল, তিনি জানেন না। বাসটি চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ তাঁরা ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন। পরে একেকজন এক এক দিকে চলে যান।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, তিনি অভিযোগ শুনেছেন। ঘটনা যারা ঘটিয়েছে, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে।