ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ উত্ত্যক্তকারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুই উত্ত্যক্তকারী হলেন মো. ইমরুল হাসান (৩০) এবং হাবিবুর রহমান (২৯)।
পুলিশ ও সূত্র জানায়, আজ সন্ধ্যার দিকে ওই ছাত্রী টিএসসি এলাকায় যান। এ সময় ওই দুই যুবক তাঁকে অনুসরণ করেন। একপর্যায়ে তাঁরা ওই ছাত্রীর মুঠোফোন নম্বর চান। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হন এবং মুঠোফোন নম্বর দিতে অস্বীকার করেন। এরপর ওই দুই যুবক উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। পরে ওই ছাত্রী উপায় না দেখে ফোন করে তাঁর বন্ধুদের টিএসসি এলাকায় ডেকে আনেন। তাঁর বন্ধুরা গিয়ে ওই দুই যুবককে ধরে পিটুনি দেন। এ সময় আশপাশের অন্য শিক্ষার্থীরাও ওই দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক শফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, টিএসসির পায়রা চত্বরে সহপাঠীদের আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। একসময় সহপাঠীরা চলে গেলে ইমরুল ও হাবিবুর ওই ছাত্রীর পিছু নেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।
শফিয়ার রহমান জানান, অভিযুক্ত দুই যুবককে থানায় আনা হয়েছে। তাঁরা নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা সম্পর্কে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ওই ছাত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।