যাত্রীবাহী চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গতকাল শুক্রবার লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মো. মামুন (২৫) নামে বাসটির চালকের সহযোগীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করেছেন ওই ছাত্রী।
রাতে দারুস সালাম থানার পুলিশ মানিকগঞ্জের হরিরামপুর থেকে মামুনকে আটক করে বলে প্রথম আলোকে জানান মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
রাত ১০টার দিকে ওই ছাত্রীকে দেখতে তাঁর আবাসিক হলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভুক্তভোগী ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, গতকাল বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশে মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে গাবতলীগামী শুকতারা পরিবহনের একটি বাসে (জ-০৪-০০৬৬) ওঠেন তিনি। বাসটিতে তখন ১০-১২ জন যাত্রী ছিলেন। বাসের সামনের একটি আসনে বসেন তিনি। বাসটি বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তাঁর পাশের আসনে বসা যাত্রী নেমে যান। এরপর বাসচালকের সহযোগী এক যুবক তাঁর পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে চালকের সহযোগী যুবকটি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। বাসের অন্য যাত্রীরা ওই যুবককে থামানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন তিনি।
ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই যুবক। বেলা পৌনে দুইটার দিকে গাবতলী বাসটার্মিনালে নেমে যান তিনি। নামার সময় বাসের অন্য এক সহকারীর কাছ থেকে যুবকটির নাম মো. মামুন বলে জানতে পারেন। এ ঘটনায় গতকাল বেলা তিনটার দিকে দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, ওই ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।