ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরা আনিকার (২১) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেছে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পঞ্চম সেমিস্টারে পড়তেন আনিকা। মা-বাবার সঙ্গে তেজতুরী বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল দুপুর ১২টার দিকে তাঁর বাবা বাসায় এসে দেখেন মেয়ে তাঁর কক্ষে পড়ছেন। এরপর তিনি বাসা থেকে বাইরে যান। বেলা একটার দিকে তিনি ফিরে আসেন। বাসায় এসে তিনি আনিকার কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ পান। চাবি দিয়ে তালা খুলে তিনি আনিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

উপপরিদর্শক জাকির হোসেন বলেন, মৃত্যুর আগে আনিকা একটি চিরকুট লিখে গেছেন। এতে তিনি মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন। বেঁচে থাকলে বড় বোনের বিয়েতে আনন্দ করতেন বলে জানিয়েছেন। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

জানতে চাইলে তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, আনিকার গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামপুর। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

এ ছাড়া গতকাল দুপুরে খিলক্ষেতের টানপাড়া এলাকার একটি বাসা থেকে সুলতানা সায়মা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খিলক্ষেত থানার এসআই কামাল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যে বাসায় সায়মার মৃতদেহ পাওয়া গেছে সেটি তাঁর বাবার বাসা। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।