ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর
দাম জিজ্ঞেস করে পণ্য না কেনায় রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেছেন দোকানকর্মীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মারধরে জড়িত এনায়েত মাল (৪০) নামের দোকানমালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই সহযোগীসহ এনায়েতের বিরুদ্ধে মামলা করেছেন আহত শিক্ষার্থী মেহেদি হাসান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।
আহত অন্য দুজনের একজন ছাত্রী। অপরজন হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হোসাইন আল মামুন। আহত মেহেদি ও মামুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলার বাদী মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা তিনজন দোকানে গিয়ে একটি ঘড়ির দাম জিজ্ঞেস করার পর কম হবে কি না জানতে চান। এনায়েত তাঁদের ‘দাম ফিক্সিড' বললে তাঁরা চলে আসতে চান। এ সময় পেছন থেকে এনায়েত ডেকে জিজ্ঞেস করলেন, কিনবি না তো হাত দিয়ে ধরলি কেন? এ সময় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
ক্রেতার সঙ্গে এমন ব্যবহার তিনি করতে পারেন না-মেহেদির এমন মন্তব্যের পর ওই দোকানের অন্য দুই কর্মী ওই ছাত্রীসহ তাঁদের তিনজনের ওপর আক্রমণ করেন।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীকে জানালে তিনি পুলিশসহ সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এ সময় দোকানের মালিক এনায়েতকে আটক করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এনায়েত ছাড়াও দোকানের কর্মচারী নূর ইসলাম (৪৫) ও জাকিরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।