ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ১৩ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার দুপুরে তাঁদের বিভিন্ন কেন্দ্র থেকে আটক করার পর কলা ভবনে প্রক্টর কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে এই সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন ইমরান খান, সাবিয়া ইসলাম, আল ইমরান, আকাশ খন্দকার, জাহিদ হাসান, তারিক চৌধুরী, অবণী রায়, মাহমদুল হাসান, সাদমান ইয়াছির, আল-আমিন, ইসতিয়াক আহমেদ, জুলকার নাইন ও সঞ্চিতা রানী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, তাঁদের বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকেরা ১৩ জনকে আটক করেন। তাঁরা মুঠোফোনে খুদে বার্তা ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লালবাগ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা সাংবাদিকদের বলেন, ১৩ জনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।