ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল এবং এর সামনে থেকে গত রোববার গভীর রাতে এক হাজার ২৫০টি ইয়াবা বড়িসহ বহিরাগত সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন মো. কাবুল খান, মো. আকবর, সুব্রত কুমার ভৌমিক, মো. বাচ্চু, কাজী শহিদুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস ও সুধীর বিশ্বাস। এঁদের মধ্যে দুজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

শাহবাগ থানার পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা মুহসীন হলের ৩১১, ৩৩৭ ও ৩৩৮ নম্বর কক্ষ থেকে ওয়াসিম, মাকসুদ, সুমন, মেহেদী ও টিটুর কাছ থেকে ইয়াবা কিনে নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। গতকাল এনেছিলেন ৩১১ নম্বর কক্ষ থেকে। ইয়াবা পৌঁছে দিলে তাঁরা জনপ্রতি এক হাজার টাকা পেতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩১১ নম্বর কক্ষে একসময় থাকতেন হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন। তিনি হল ছাড়ার পর চার মাস ধরে কক্ষটিতে থাকছেন ওয়াসিম নামের একজন। তাঁকে সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জানলেও এ বিষয়টি এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই কক্ষে বিপ্লব নামের একজনও থাকতেন।

৩৩৭ নম্বরে থাকেন হল শাখার সভাপতি মাকসুদ রানা। ৩৩৮ নম্বর কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান। জানতে চাইলে তাঁরা দুজনই এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেছেন। মাকসুদ রানা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে হয়তো তাঁর কক্ষের নম্বর উল্লেখ করা হয়েছে। আর মাকসুদুর বলেন, তাঁর কক্ষের নম্বর আছে জেনে তিনি খুবই অবাক হচ্ছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানায়, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ মুহসীন হলের বসুনিয়া ফটকের সামনে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হল থেকে আসা একটি অটোরিকশা তল্লাশি করে যাত্রীর পকেটে ইয়াবা পায়। যাত্রী ও চালককে শাহবাগ থানায় নেওয়া হয়। আরও একটি অটোরিকশা একই কাজে হলে এসেছে জেনে পুলিশ আবার সেখানে যায়। রাত তিনটার দিকে হল থেকে আসা একটি অটোরিকশাকে বসুনিয়া ফটকের কাছে থামার সংকেত দিলে সেটি ঘুরিয়ে হলের দিকে যাওয়ার সময় হলের প্রবেশপথে দুর্ঘটনায় পড়ে। চালক আহত হলেও ইয়াবার বাহক দৌড়ে হলে ঢুকে পড়েন। পুলিশ শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে আটক করে। পরে অতিথিকক্ষের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করা দুজনকে তল্লাশি করেও ইয়াবা পাওয়া যায়। বহিরাগত অপর একজনকেও সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলসহ আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।