ঢাকা বোর্ডে কর্মচারী নেতাসহ বরখাস্ত ৪
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীরসহ চার কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক লোকমান মুন্সিসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
গতকাল বুধবার শাস্তিমূলক এই ব্যবস্থা নেয় বোর্ড প্রশাসন। সাময়িক বরখাস্ত হওয়া অন্য তিন কর্মচারী হলেন মনজুর আলী, মোকসেদ আলী ও মো. মহিউদ্দিন। আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া বাকি দুই কর্মচারী হলেন জাহেদ হোসেন ও আবদুল হক।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর এই তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, যাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা বোর্ডে ৪৯ জন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মন্মথ রঞ্জন বাড়ৈসহ একাধিক কর্মকর্তাকে একদল কর্মচারী লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। মন্মথ রঞ্জন বাড়ৈ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)। কয়েক মাস আগে এই কর্মকর্তাকে এপিএসের পদ থেকে সরিয়ে ঢাকা বোর্ডে বদলি করা হয়।