ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নতুন ফেরিঘাট শিমুলিয়ায় বাসের কাউন্টার বসানোকে কেন্দ্র গতকাল রোববার সকালে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-মাওয়া-শিমুলিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেন ১৩টি পরিবহনমালিকেরা। এতে শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাওয়া থেকে ঘাট স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়ায় বাসমালিকেরা কাউন্টারগুলো যে যাঁর মতো স্থানান্তরিত করেন। কিন্তু ডিএম ও আরাম পরিবহনের মধ্যে কাউন্টার বসানো নিয়ে বিরোধ দেখা দেয়। ডিএম পরিবহনের কাউন্টারের জায়গায় আরাম পরিবহন কাউন্টার বসাতে চাইলে বিরোধের সূত্রপাত হয়। গত শনিবার রাতে ডিএম পরিবহনের কাউন্টারটি কে বা কারা রাতে ফেলে দেয়। এ নিয়ে গতকাল সকালে ডিএম ও আরাম পরিবহনের বাসশ্রমিকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ডিএম পরিবহনের পক্ষে অবস্থান নেয় বাকি ১২টি পরিবহন। এর ফলে এই রুটে গতকাল সকাল থেকে ১৩টি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, আরাম পরিবহন এখনো মাওয়া-শিমুলিয়া বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত হয়নি।
আরাম পরিবহনের একাধিক শ্রমিক জানান, ডিএম ও ইলিশ পরিবহন দুটির মালিক মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বাস মালিক সমিতির (১৩ পরিবহন নিয়ে) সভাপতি। তাই তাঁর অন্যায় দাবির সঙ্গে অন্য বাসমালিকেরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেন।
যাত্রী আয়শা আক্তার বলেন, ‘ফেরিতে করে কাওড়াকান্দি থেকে শিমুলিয়ায় আসার পর দেখি বাস চলাচল বন্ধ। ছোট ছেলেমেয়ে ও মালপত্র নিয়ে এখন কীভাবে ঢাকায় যাব এই নিয়ে চিন্তায় পড়েছি। অতিরিক্ত টাকা খরচ করে সিএনজিচালিত অটোরিকশায় এখন ঢাকায় যেতে হবে।’
এ ব্যাপারে মাওয়া-শিমুলিয়া বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলীর মুঠোফোনের একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মিয়া কুতুবুর রহমান জানান, শিমুলিয়ায় সুবিধামতো বাসমালিকেরা তাঁদের কাউন্টার বসিয়েছেন। সমস্যা সৃষ্টি হয়েছে দুটি বাস কোম্পানির মধ্যে। তারা একজন আরেকজনের জায়গায় কাউন্টার বসাতে চাইলে সমস্যার সৃষ্টি হয়। বাস চলাচল শুরু করার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।