ঢাকা মেডিকেল থেকে আবার শিশু চুরি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতাল থেকে খাদিজা আক্তার নামে সাড়ে তিন মাসের এক শিশু চুরি হয়েছে বলে শিশুটির মা ও পুলিশ জানিয়েছে।
এর আগে গত ৫ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেড় বছরের শিশু আয়েশাকে চুরি করার সময় পপি আক্তার নামের এক নারীকে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা আটক করেন। তারও আগে ২০১৪ সালের ২১ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে অপরিচিত এক নারী যমজ দুই ছেলেসন্তানের একজনকে কান্না থামানোর কথা বলে কোলে নিয়ে পালিয়ে যান। পরে অবশ্য র্যাব হাসপাতালের সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি সংগ্রহ করে চোরকে গ্রেপ্তার এবং শিশুটিকে জীবিত উদ্ধার করে। ২০১২ সালের ১৯ মার্চ একই হাসপাতাল থেকে হৃদয় নামের চার বছরের এক শিশুকে চুরি করার সময় নাদিম নামের এক যুবক হাতেনাতে ধরা পড়েন।
গতকাল শিশু খাদিজা চুরি হওয়ার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল গণি সাংবাদিকদের বলেন, ‘বাচ্চা চুরির বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চুরি হওয়া শিশু খাদিজার বাবা বাহাদুর ঢালি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আড়াই মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বাহাদুর ঢালিকে দেখভালে তাঁর স্ত্রী নাসিমা বেগম দুই শিশুকন্যা স্বর্ণা আক্তার (১০) ও খাদিজাকে নিয়ে হাসপাতালে থাকেন।
শিশু খাদিজা চুরি হয়ে যাওয়ার পর গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে হাউমাউ করে কাঁদছিলেন মা নাসিমা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুপুর দুইটার দিকে এক অপরিচিত নারী আমার কাছে জানতে চায় এখানে গাইনি বিভাগ কোথায়। আমি তাকে ভালো মনে করে একটু সামনে এগিয়ে গিয়ে গাইনি বিভাগ দেখিয়ে দেই। এর মধ্যে ওই অপরিচিত নারী জানতে চায় আমার সন্তান কজন। পরে আমি বলি, আমার তিন কন্যা। এর মধ্যে একজন বাড়িতে এবং বাকি দুজন আমার সঙ্গে হাসপাতালে রয়েছে।’
নাসিমা আরও বলেন, ‘রাতভর স্বামীর পাশে থাকায় ক্লান্ত ছিলাম। বেলা তিনটার দিকে আমার ঘুম পায়। এ সময় মেয়ে স্বর্ণা ও খাদিজা পাশেই ছিল। কিছুক্ষণ পর ওই নারী আবার ফিরে এসে স্বর্ণাকে একটা জুস খেতে দেয়। এরপর খাদিজার জন্য জামা কিনে দেওয়ার কথা বলে স্বর্ণার কোলে খাদিজাকে নিয়ে তার সঙ্গে যেতে বলে। তখনো ঘুমে আমার চোখ বুজে আসছিল। পরে খাদিজাকে কোলে করে স্বর্ণা ওই নারীর সঙ্গে যায়। কিছুক্ষণ পর স্বর্ণা ফিরে এসে আমাকে জানায়, মা ওই নারী তোমাকে এখনই যেতে বলেছে। পরে আমি দ্রুত রাস্তায় এসে ওই নারী ও খাদিজাকে আর খুঁজে পাইনি।’
জরুরি বিভাগের প্রধান ফটকে ‘আমার বাচ্চা কই, আমার বাচ্চা কই, ওই নারী আমার বাচ্চা নিয়ে গেছে’ বলে নাসিমাকে কাঁদতে দেখে সেখানে উপস্থিত একজন সংবাদকর্মী তাঁকে পাশের পুলিশ ক্যাম্পে নিয়ে যান। এ সময় তিনি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
রমনা অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, বাচ্চা চুরির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। তবে শিশু উদ্ধার কিংবা চোরকে গ্রেপ্তার করা যায়নি।