ঢাকা মেডিকেল থেকে দণ্ডিত আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. সোহেল (৪২) নামের এক কয়েদি পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের পাশের শৌচাগার থেকে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোহেল মাদক মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাজা দেওয়া হয়েছিল।

কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সোহেলকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্র পাওয়ার পর কারারক্ষী আজিজুল হাকিম ও নজরুল মানিকের পাহারায় সোহেলকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় সোহেলকে নিয়ে দুই কারারক্ষী বহির্বিভাগের সামনে মূল ফটকের কাছে এলে সোহেল শৌচাগারে যেতে চান। কারারক্ষী দুজন বাইরে দাঁড়িয়ে তাঁকে শৌচাগারে পাঠান। বেশ কিছু সময় অপেক্ষার পরও সোহেল বাইরে না এলে কারারক্ষী দুজন ভেতরে গিয়ে দেখেন তিনি পালিয়ে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই কারারক্ষী চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এ ব্যাপারে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।