পুলিশ পাহারায় হাসপাতাল থেকে পালালেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকা হত্যা মামলার আসামি ওয়াদুদ খাঁ ওরফে তাজুদ পালিয়ে গেছেন। আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা হয়।

ওয়াদুদ খাঁ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর পাহারায় ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের দুজন সদস্য।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হকের ভাষ্য, শৌচাগারে যাওয়ার কথা বলে ওই আসামি হাসপাতালের কক্ষ থেকে বের হন। পরে আর তাঁকে পাওয়া যায়নি। তিনি বলেন, ওয়াদুদ খাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে এলাকার এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। বিলের ইজারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ওই হত্যা মামলার আসামি।

আটপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাঁসকুরি বিলের ইজারা নিয়ে তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়াদুদ খাঁসহ লক্ষ্মীপুর গ্রামের কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তুহিনের ঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিচ দিয়ে তুহিনের বুকে আঘাত করে। গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ধস্তাধস্তিতে ওয়াদুদ খাঁ ও আমীর খাঁ আহত হন। পুলিশ পাহারায় তাঁদের অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নিজ বাড়িতে থেকে বিভিন্ন সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন। তিনি ‘অপরাধ জগৎ’ নামের একটি পাক্ষিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরীর ভাষ্য, হাসপাতাল থেকে আসামি পালিয়ে গেছেন বলে তিনি শুনেছেন।

নেত্রকোনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের ভাষ্য, হত্যার ঘটনায় গতকাল রাতে ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।