ঢাকা মেডিকেল থেকে শিশু চুরি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার বিকেলে খাদিজা আক্তার নামে সাড়ে তিন মাসের এক শিশু চুরির ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্র জানায়, শিশু খাদিজার বাবা বাহাদুর ঢালী ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আড়াই মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। স্ত্রী নাসিমা বেগম তাঁদের দুই শিশুকন্যা স্বর্ণা আক্তার (১০) ও খাদিজাকে নিয়ে স্বামীর তত্ত্বাবধানে হাসপাতালে থাকেন।
শিশু খাদিজা চুরি হয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে হাউমাউ করে কাঁদছিলেন নাসিমা। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেলা দুইটার দিকে এক অপরিচিত নারী তাঁর কাছে জানতে চান এখানে গাইনি বিভাগ কোথায়? আমি তাঁকে ভালো মনে একটু সামনে এগিয়ে গিয়ে গাইনি বিভাগ দেখিয়ে দিই। এর মধ্যে ওই অপরিচিত নারী জানতে চান আমার সন্তান কজন। পরে আমি বলি, আমার তিন কন্যা। এর মধ্যে একজন বাড়িতে এবং বাকি দুজন আমার সঙ্গে হাসপাতালে রয়েছে।’
নাসিমা আরও বলেন, ‘রাতভর স্বামীর পাশে থাকায় ক্লান্ত ছিলাম। বেলা তিনটার দিকে আমার ঘুম পায়। এ সময় মেয়ে স্বর্ণা ও খাদিজা পাশেই ছিল। কিছুক্ষণ পর ওই নারী আবার ফিরে এসে স্বর্ণাকে একটা জুস খেতে দেয়। এরপর খাদিজার জন্য জামা কিনে দেওয়ার কথা বলে স্বর্ণাকে ও খাদিজাকে নিয়ে বাইরে যেতে বলেন। তখনো আমি ঘুমে টলছিলাম। পরে খাদিজাকে কোলে নিয়ে স্বর্ণা বাইরে বের হয়। একপর্যায়ে ওই নারী খাদিজাকে নিজের কাছে রেখে স্বর্ণাকে আমার কাছে পাঠায়। পরে আমি দ্রুত রাস্তায় এসে ওই নারী ও খাদিজাকে আর খুঁজে পাইনি।’
জরুরি বিভাগের প্রধান ফটকে ‘আমার বাচ্চা কই, আমার বাচ্চা কই, ‘ওই নারী আমার বাচ্চা নিয়ে গেছে’ বলে নাসিমাকে কাঁদতে দেখে সেখানে উপস্থিত একজন সংবাদকর্মী তাঁকে পাশের পুলিশ ক্যাম্পে নিয়ে যান। এ সময় তিনি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
স্বর্ণা প্রথম আলোকে বলে, ‘অপরিচিত ওই নারী আমাকে দিয়েই আমার বোনকে কোলে করিয়ে জরুরি বিভাগের বাইরে নিয়ে যান। এরপর ওই তিনি বলেন, তোমার মাকে ডেকে নিয়ে এসো, আমি খাদিজার জামাকাপড় কিনে দিচ্ছি। আমি মাকে ডেকে নিয়ে এসে দেখি আমার বোনকে নিয়ে চলে গেছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল গণি সাংবাদিকদের বলেন, ‘বাচ্চা চুরির বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি।’
রমনা অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, বাচ্চা চুরির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। তবে শিশু উদ্ধার কিংবা চোরকে গ্রেপ্তার করা যায়নি।