ঢাকা মেডিকেলে এসে লাশ পেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়া শেষ করে কেবলই পরিবারের হাল ধরেছিলেন চিকিৎসক সুমন সিকদার। আশা ছিল, দরিদ্র পরিবারের দুর্দশা ঘোচাবেন। এলাকার মানুষের কাছে ইতিমধ্যে ভালো চিকিৎসক হিসেবে পরিচিতিও পেয়েছিলেন। কিন্তু ২ জানুয়ারি বিকেলে মাগুরার শ্রীপুর থেকে নিখোঁজ হন তিনি। সাত দিন পর গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে তাঁর মৃতদেহ পেলেন বাবা।
সুমনের আকস্মিক মৃত্যুতে নিভে গেল কৃষক বাবার সন্তান সুমনের পরিবারের স্বপ্নও। তাঁর বাড়িতে এখন মাতম।
মাগুরা শ্রীপুর (দাড়িয়াপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমন সিকদার ২ জানুয়ারি বিকেলে হাসপাতাল থেকে শহরের কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় এসে কিছুক্ষণ পর বের হয়ে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বেঙ্গায়।
মাগুরা সদর থানার এসআই জানান, ঢাকার শাহবাগ থানা থেকে সোমবার দুপুরে মাগুরা সদর থানায় জানানো হয়েছে, ৩ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে একটি মৃতদেহ রয়েছে, যার পকেট থেকে সুমন সিকদারের আইডি কার্ড পাওয়া গেছে। এরপর সোমবার রাতে সুমনের বাবা সুকুমার সিকদার সেখানে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করেন। সোমবার রাতেই আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি মাগুরায় আনা হয়। গতকাল মঙ্গলবার দহাকুলা শ্মশানে সুমনের মৃতদেহ সমাধিস্থ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩ জানুয়ারি বেলা ১১টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলা থেকে পুলিশ সুমনের মৃতদেহ উদ্ধার করে। এ সময় তাঁর চার হাত-পা ভাঙা ছিল ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল।
এটিকে হত্যাকাণ্ড দাবি করে তদন্তের দাবি জানিয়েছে সুমনের পরিবার। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধারণা করতে পারছেন না তাঁরা। নিখোঁজ হওয়ার পরদিন তাঁর বাবা সুকুমার শিকদার মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সুকুমার শিকদার প্রথম আলোকে বলেন, তাঁর দুই ছেলে-মেয়ের মধ্যে সুমন বড়। সে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। টানাপোড়েনের সংসারে সুমনের লেখাপড়া অনিশ্চিত হয়ে গেলে সহায়তার হাত বাড়ান মামা অরবিন্দু বিশ্বাস। ২০১৩ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পরের বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এফসিপিএস করেন। ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে মাগুরার শ্রীপুর (দাড়িয়াপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিতে যোগ দেন।
সুমনের কাকা শমরেস সিকদার জানান, সুমনের ইচ্ছা ছিল বোনকে পড়ালেখা শিখিয়ে ভালো ঘরে বিয়ে দেওয়ার। কিন্তু এসব এখন কেবলই স্বপ্ন।