ঢাকা মেডিকেলে চিকিৎসকের কক্ষ থেকে 'বোমাসদৃশ' বস্তু উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গতকাল বৃহস্পতিবার এক চিকিৎসকের কক্ষ থেকে ‘বোমাসদৃশ’ একটি বস্তু উদ্ধার করা হয়।
কক্ষটিতে বসেন হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদার। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ঢাকা মেডিকেল কলেজের শাখার আহ্বায়ক।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর মেডিকেল কলেজ অডিটোরিয়ামের পাশে দেবেশ চন্দ্রের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। নাক, কান ও গলা বিভাগের অফিস সহকারী দীপিকা রানী মণ্ডল বলেন, সকাল সোয়া আটটার দিকে কক্ষটি খোলার পর তিনি ভেতরে একটি বস্তু দেখতে পান। একটি ছোট কৌটার সঙ্গে কাচের বোতল লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। এর কিছু সময় পর কক্ষে আসেন দেবেশ চন্দ্র তালুকদার। পরে ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল বস্তুটি পরীক্ষার জন্য নিয়ে যায়। ওই দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, বস্তুটির ভেতর বিস্ফোরক-জাতীয় কিছু পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি ফেলে রেখেছিল।