ঢাকা মেডিকেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ এলাকায় ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আতিকুল নামে হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার আতিকুলকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগে ওই আনসার ক্যাম্পের ছয়জনকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়। বর্তমানে তরুণীটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় মেয়েটির ভাই আজ শাহবাগ থানায় মামলা করেছেন।

ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ওই তরুণী গত ২৯ অক্টোবর রাতে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরের দিন তাঁকে ওসিসিতে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তরুণীটির ফরেনসিক ও কাউন্সিলিং পরীক্ষা করানো হয়েছে। এতে তাঁর সঙ্গে একাধিক ব্যক্তির যৌন সম্পর্ক স্থাপনের আলামত মিলেছে। পরীক্ষায় ধরা পড়েছে, মেয়েটির মানসিক সমস্যা আছে। তিনি কখনো সুস্থ থাকেন, আবার কখনো অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের আনসার সদস্যরা তাঁর সঙ্গে এমনটি করেছেন বলে তিনি ওসিসির চিকিৎসকদের জানান। পরে তরুণীটির ভাইকে ফোন করে খবর দিয়ে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আজ বুধবার তরুণীটির ভাই প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি কুমিল্লায়। তাঁর বোন কুমিল্লায় থাকতেন আর তিনি ঢাকায় থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ঘটনা জানতে পারেন।

মেয়েটির ভাইয়ের ভাষ্য, তাঁর বোন পড়াশোনায় ভালো ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছেন। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তাঁর বোনের রোল নম্বর ১ ছিল। ওই সময় বাবার মৃত্যুর পর সপ্তম শ্রেণিতে ওঠার সময় বোনের রোল নম্বর হয় ৩, নবম শ্রেণি পর্যন্ত এই রোল নম্বরই থাকে। বাবার মৃত্যুশোক, ক্লাসে পিছিয়ে পড়া নিয়ে অন্যদের ব্যঙ্গ, সাইনাস-মাইগ্রেনের সমস্যা—সব মিলিয়ে বোনের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। বোন কখনো ভালো থাকেন, আবার কখনো অসুস্থ হয়ে পড়েন। পাঁচ-ছয় দিন আগে বোন কুমিল্লার বাড়ি থেকে নিখোঁজ হন বলে ভাই দাবি করেন।

তরুণীর সঙ্গে কার কী ঘটেছে, তা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর সাংবাদিকদের বলেন, অভিযোগ ওঠা ছয় আনসার সদস্যকে আনসার কর্তৃপক্ষ গতকাল প্রত্যাহার করেছে। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার পর পদক্ষেপ নেবে।

ছয়জনকে প্রত্যাহার করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন। তিনি বলেন, এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ছয় আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন সহকারী প্লাটুন কমান্ডার একরামুল এবং সদস্য আমিনুল, আতিকুল, মীর সিরাজ, মিনহাজ ও বাবুল মিয়া।