ঢাকা মেডিকেলে দুই ঘণ্টায় অচেতন চারজনকে ভর্তি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে চারজনকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন স্কুলশিক্ষক ও একজন ঢাকা ওয়াসার কর্মচারী রয়েছেন।
এই চারজনের টাকা ও মানিব্যাগ খোয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে, তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে পল্লবী থানা এলাকা থেকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা তিনটার দিকে নূরুল হক (৫০) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। তাঁর সঙ্গে থাকা স্বজনেরা জানান, নূরুল হক মিরপুর ১ নম্বরের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় পড়ে আছেন, এমন খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তাঁর সঙ্গে মুঠোফোন থাকলেও মানিব্যাগ খোয়া গেছে। তিনি ভাটারা এলাকার একটি স্কুলের শিক্ষক। তাঁর বাসা শাহাজাদপুরে।
বিকেল চারটার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহসীন আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা জানান, মহসীন ওয়াসার লালবাগের পোস্তা শাখা কার্যালয়ের কর্মচারী। তাঁর মানিব্যাগটি খোয়া গেছে।
বিকেল সাড়ে চারটার দিকে আতাউর রহমান (৫০) নামের একজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মগবাজারের মুরগি ব্যবসায়ী। তিনিও মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় অচেতন অবস্থায় পড়েছিলেন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তাঁর স্ত্রী মাহমুদা আক্তার সাংবাদিকদের জানান, আতাউর এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে খিলগাঁওয়ের গোড়ানের বাসা থেকে মিরপুরের উদ্দেশে বের হয়েছিলেন।
মিরপুর সাড়ে ১১ নম্বর পল্লবী থানা এলাকায়। ওই এলাকায় দুজনের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার ঘটনার ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার সেকেন্ড অফিসার ইয়াসিন গাজী প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুনিনি। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
এদিকে বিকেল পাঁচটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে মোহাম্মদ হানিফ (২৫) নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসা রেলওয়ের এক ডোম সাংবাদিকদের জানান, হানিফকে ট্রেনে অচেতন অবস্থায় পাওয়া গেছে।