ঢাকা মেডিকেলে পাওয়া বস্তুটি বোমা নয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এক চিকিৎসকের ঘর থেকে উদ্ধার করা বস্তুটি আসলে বোমা নয়। আজ বৃহস্পতিবার সকালে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। পরীক্ষার পর এটি বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু নয় বলে জানা গেছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি ফেলে রেখে গেছে বলে মনে করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র তালুকদারের কক্ষে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। তাঁর ভাষ্য, বহির্বিভাগের দোতলায় তাঁর কক্ষ। সকালবেলা অফিস সহকারী জসীম লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে তাঁকে খবর দেন। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালে আসা কয়েকজন রোগী বলেন, তাঁরা বোমার আতঙ্কে ভেতরে যেতে পারছেন না। কালিয়াকৈর থেকে আসা এক রোগী বলেন, তিনি এত দূর থেকে
নাক-কানের চিকিৎসা করাতে এসেছেন। ভয় হচ্ছে যদি বোমা ফেটে যায়!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে যান।
পরীক্ষার পর ডিবির (বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আনোয়ার হোসেন বলেন, এটি বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়। আতঙ্ক তৈরির জন্য বস্তুটি ফেলে রাখা হয়।