ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীর ভুয়া চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখার চেষ্টাকালে মঈনুদ্দিন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হাসপাতালের দোতলার একটি ওয়ার্ডের সামনে থেকে তাঁকে আটক করে হাসপাতাল ক্যাম্পের পুলিশ।
মঈনুদ্দিন নিজেকে শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী বলে দাবি করেছেন। তিনি মা-বাবার সঙ্গে রামপুরা ওয়াপদা রোডে থাকেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবু বক্করের স্বজন চান ব্যাপারী জানান, অল্প বয়সী ওই যুবক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক পরিচয় দিয়ে বক্করের চিকিৎসা নথিপত্র দেখে তাঁর চিকিৎসা ব্যবস্থাপত্র লিখে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সন্দেহ হয়। একজন সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্প পুলিশ এসে ওই যুবককে আটক করে।
ঢাকা মেডিকেল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, মঈনুদ্দিনের ব্যাগ তল্লাশি করে ঢাকা মেডিকেলের ফিজিওলজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসানের সিল এবং কিছু সরকারি ফরম পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীর ব্যবস্থাপত্র লিখে তিনি নিজে কিছু টাকা কামিয়ে আসছিলেন।