ঢাকা মেডিকেলের ওষুধ চুরির অভিযোগে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে তিন হাজার ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে চাঁনখারপুলের জনি ফার্মেসি থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন জনি ফার্মেসির মালিকের ভাই জহিরুল হক, ঢাকা মেডিকেলে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান জেসন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আলিমুর রহমান (৩৩) ও হাসানুল বারী (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এ এস এম শহীদুল্লাহ এ ব্যাপারে আটক তিনজন ও হাসপাতালের মেডিসিন স্টোরের ইনচার্জ বিমল চন্দ্র বিশ্বাসকে আসামি করে মামলা করেছেন।
এজাহারে বলা হয়, জেসন ফার্মাসিউটিক্যাল থেকে ৭৫ হাজার ২৫০টি ইনজেকশন সরবরাহ করার কথা ছিল। কিন্তু গুনে দেখা যায়, সেখানে তিন হাজার ইনজেকশন কম আছে। কিন্তু ভান্ডাররক্ষক বিমল চন্দ্র বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি। আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ওষুধ চুরি করেছেন।