ঢাকা মেডিকেলের কোয়ার্টারে চিকিৎসকের ঝুলন্ত লাশ
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তানজিলা জাহান মিথিলা (২৭) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে মেডিকেলের বার্ন ইউনিটের পেছনের পাঁচ তলা একটি ভবনের নিচ তলা থেকে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়।
তানজিলা কুমিল্লা কান্দিরপাড়ের বাসিন্দা ফিরোজ আহমেদের মেয়ে।
তানজিলার মামা খন্দকার আমিনুল হক বলেন, তানজিলা এক বছর আগে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। মে মাসে চিকিৎসক মিজানুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। মিজানুর রহমান ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। তাঁর বাড়ি নোয়াখালী। তাঁরা দুজন মিজানুরের নামে বরাদ্দ কোয়ার্টারে থাকতেন। আজ রাতে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তানজিলার লাশ উদ্ধার করে।
খন্দকার আমিনুল হক দাবি করেন, তাঁর ভাগনি এভাবে ‘আত্মহত্যা’ করতে পারেন না। হাঁটু খাটের সঙ্গে লাগানো ছিল। এ ছাড়া টেবিলে একটি চিরকুটও পাওয়া গেছে। চিরকুটটি পুলিশের কাছে আছে।
এ ব্যাপারে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, এসআই আবদুল মান্নান ও এসআই মাসুদ রানা ঘটনাস্থলে আছেন। চিকিৎসকের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।