ঢাকা মেডিকেলের সামনের সড়ক আবার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত দখল করে আবার বসেছে অবৈধ দোকানপাট৷ মাত্র সাত দিন আগে এই সড়ক থেকে সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত দখল করে আবার বসেছে অবৈধ দোকানপাট৷ মাত্র সাত দিন আগে এই সড়ক থেকে সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন l প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত দখল করে আবার অবৈধ দোকানপাট বসতে শুরু করেছে। এতে এই সড়কের ফুটপাত আবার দখল হয়ে গেছে। মাত্র সাত দিন আগে এই সড়কের সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
পথচারী ও ডিএসসিসির অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সহায়তায় এই সড়কে আবার দোকান বসছে। প্রতিটি দোকান থেকে দিনে নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করছেন তাঁরা।
পথচারী ও রোগীদের চলাচলের সুবিধার্থে গত মঙ্গলবার ওই সড়ক থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক তিনটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৫০টি অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ডিএসসিসি। অভিযানে নেতৃত্বে দিয়েছিলেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত দখল করে ৫০টি অস্থায়ী দোকান বসে গেছে। এর মধ্যে ১০টি আছে ভাতের হোটেল। দোকানে বসে খাবার খাচ্ছেন লোকজন। দোকানের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকছে সড়কের ওপরে।
ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে জরুরি বিভাগের সামনের সড়ক দিয়ে হেঁটে চানখাঁরপুলের বাসায় ফিরছিলেন সাহানাজ বেগম। তিনি বলেন, ‘গত মঙ্গলবার চিকিৎসা নিতে এসে দেখি রাস্তায় কোনো দোকানপাট নাই। কিন্তু এক সপ্তাহ পর আবার দেখি আগের অবস্থা। তাই ফুটপাতে হাঁটতে না পেরে রাস্তা দিয়া হাটতাছি।’ তিনি বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি দোকানিদের জেল-জরিমানা করলে সড়ক ও ফুটপাতে আর কোনো দোকান বসবে না।
দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ দোকানে চা, কলা, বিস্কুট বিক্রি করেন সোহেল মিয়া। তিনি বলেন, কয়েক মাস পরপরই এই রাস্তায় উচ্ছেদ করা হয়। পরে মেডিকেলের বিভিন্ন নেতার সহযোগিতায় আবার দোকান বসান। এ জন্য তাঁদের প্রতিদিন ৫০ টাকা করে দেওয়া লাগে। তবে নেতাদের নাম বলতে রাজি হননি সোহেল।
ডিএসসিসি সূত্র জানায়, মেডিকেলের সামনে দীর্ঘদিন ধরে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কিন্তু তাঁদের রাজনৈতিক পরিচয় থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছে না ডিএসসিসি। তবে ডিএসসিসির ঘোষণা অনুযায়ী আবার উচ্ছেদ অভিযানের সময় দোকানের মালামাল জব্দ করা হবে।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে গেলেও তার স্থায়ী সমাধান নেই। তবে ভবিষ্যতে দখলকারীদের জরিমানা ও সাজার পরিকল্পনা আছে।